মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে এনসিপি নেতা প্রীতম সোহাগের সংবাদ সম্মেলন - দিগন্ত জার্নাল

মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে এনসিপি নেতা প্রীতম সোহাগের সংবাদ সম্মেলন

দিগন্ত জার্নাল ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা প্রীতম সোহাগ। (২ এপ্রিল বুধবার ২০২৫) রাত ৮টায় নেত্রকোনা সদর উপজেলার কুড়পাড় এলাকায় নিজ বাসায় তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে প্রীতম সোহাগ অভিযোগ করেন, একটি মহল তার রাজনৈতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “ফেসবুকে শামসুল আরেফিন নামের একজন অভিযোগ তুলেছেন যে, আমি অবৈধভাবে অর্থ উপার্জন করে নেত্রকোনার কুড়পাড়ে দোতলা বাড়ি নির্মাণ করছি। আমি এই ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানাই। প্রকৃত সত্য হলো, বাড়িটি আমার নয়, এটি আমার শ্বশুরের সম্পত্তি, যা ২০২৩ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ শুরু হয় এবং এখনো চলমান রয়েছে।”

তিনি জানান, তার শ্বশুর একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তার স্ত্রীর বড় ভাই এবং ভাবী কানাডা প্রবাসী। তারা বৈধ উপায়ে বাড়িটি নির্মাণ করছেন এবং পাশাপাশি তার রাজনৈতিক কার্যক্রমে অর্থ সহায়তা দিচ্ছেন। এছাড়া, এড মেইল বিডি ডটকমসহ আরও কিছু শুভাকাঙ্ক্ষী তাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন।

তিনি বলেন, “আমি এনসিপির একজন কেন্দ্রীয় সংগঠক হিসেবে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং সত্য উদঘাটনের আহ্বান জানাই। যদি আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ থাকে, তা প্রকাশ করুন। কিন্তু মিথ্যা অভিযোগ এনে আমার সম্মানহানি করা অন্যায়।”
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে প্রীতম সোহাগ নেত্রকোনা সদর থানায় শামসুল আরেফিন নামের ওই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

an adbox will go here