বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র - দিগন্ত জার্নাল

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

দিগন্ত জার্নাল ডেস্ক:

ওয়াশিংটন, ৩ এপ্রিল ২০২৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছে। বুধবার রাতে এই ঘোষণা আসে, যা দেশটির নতুন বাণিজ্য নীতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হ্রাসকৃত শুল্ক কাঠামোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যৌক্তিকীকরণের উপায় চিহ্নিত করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বৃহত্তম রপ্তানি গন্তব্য। আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছি এবং শুল্ক সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমদ এক পোস্টে বলেন, “বিশ্বের অন্যান্য দেশ যখন নতুন শুল্ক বাধার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ তখন বিনিয়োগ আকর্ষণের জন্য হ্রাসকৃত শুল্ক কাঠামোর পরিকল্পনা করছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।”

বাংলাদেশি রপ্তানির ভবিষ্যৎ

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানিকারক, যার বার্ষিক রপ্তানি প্রায় ৭-১০ বিলিয়ন ডলার। নতুন শুল্ক আরোপের ফলে খরচ বাড়বে, যা বাজার প্রতিযোগিতায় হুমকি সৃষ্টি করতে পারে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই শুল্ক বাংলাদেশি পোশাক খাতের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করলেও, চীনের মতো উচ্চ শুল্কযুক্ত দেশগুলোর বিকল্প হিসেবে বাংলাদেশি পণ্য ক্রয়ে মার্কিন ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে।

an adbox will go here