বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা - দিগন্ত জার্নাল

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা, ৩ এপ্রিল ২০২৫: দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে তিনি যাত্রা করেন।

প্রধান উপদেষ্টার সফরসূচি অনুযায়ী, ৩-৪ এপ্রিল তিনি থাইল্যান্ডে অবস্থান করবেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ব্যাংকক সময় শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

সম্মেলনের তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরবর্তী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে।

an adbox will go here