ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল, হোটেল-মোটেলে রুম ফাঁকা নেই - দিগন্ত জার্নাল

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল, হোটেল-মোটেলে রুম ফাঁকা নেই

দিগন্ত জার্নাল ডেস্ক:

বান্দরবান, ৩ এপ্রিল ২০২৫: ঈদের ছুটিতে প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে বান্দরবানে ছুটে এসেছেন হাজারো পর্যটক। পাহাড়ি বন-জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসুরা, আর তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, দেবতাখুমসহ জেলার সব দর্শনীয় স্থান।

জেলা শহরের হোটেল, মোটেল, রিসোর্টগুলোর সব কক্ষ পূর্ণ হয়ে যাওয়ায় অনেক পর্যটক পাহাড়ি গ্রামগুলোর ইকো ট্যুরিজম মাচাংঘরে অবস্থান নিচ্ছেন। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ কয়েক বছর পর এবার ঈদে পর্যটকদের অভূতপূর্ব সাড়া মিলেছে।

একটি পর্যটন স্পটে ঘুরতে আসা নাদিয়া খানম, জেসিকা ও সাব্বির আহমেদ বলেন, “পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বান্দরবান এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো।”

তবে পর্যটক সাজ্জাদ ও আবির বলেন, “প্রকৃতিবান্ধব পর্যটন ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নে আরও যত্নবান হতে হবে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাও জরুরি।”

বাড়তি পর্যটক চাপ সামলাতে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন ও রেস্টুরেন্ট মালিক-শ্রমিকদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হন।

জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, “পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আমরা কাজ করছি। কোথাও হয়রানির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা টুরিস্ট পুলিশ কর্মকর্তা সৈকত কুমার রায় বলেন, “টানা ছুটিতে প্রচুর পর্যটক বান্দরবানে এসেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি পর্যটকদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া হচ্ছে।”

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা সম্মিলিতভাবে কাজ করছে। রুমা ও থানচি উপজেলা ছাড়া সব পর্যটন স্পটেই ঘুরতে পারছেন ভ্রমণকারীরা।”

বান্দরবান ভ্রমণের উন্মাদনায় পর্যটকদের ব্যাপক সাড়া ও নিরাপত্তা ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশাবাদী, পর্যটন খাত আবার ঘুরে দাঁড়াবে।

an adbox will go here