মাদারীপুরের এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই
দিগন্ত জার্নাল ডেস্ক:
আজ ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা নামে এক ভ্যানচালককে হত্যার পর তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী চক্রের একজনকে এলাকাবাসী আটক করেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের কাছে এই ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাইদ মোল্লা (২৫) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইচক্রের সদস্যরা যাত্রী বেশে সাইদ মোল্লার ভ্যানে উঠে। এরপর রাত সাড়ে ১০টার দিকে তারা ভ্যান চালক সাইদকে কুপিয়ে হত্যা করে এবং ভ্যান নিয়ে পালিয়ে যায়। তবে চক্রটি কাঠালবাড়ি এলাকায় আসার সময় স্থানীয়রা তাদের গতিরোধ করলে একজন সদস্যকে আটক করে। অন্য সদস্যরা পালিয়ে যায়।
শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত সদস্যকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।