নারায়ণগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকাকে দেয়া হয়েছে ব্যবস্থাপত্র লেখার অনুমতি
দিগন্ত জার্নাল ডেস্ক:
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, চাঁদপুরের মতলব থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় যোগ দেওয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহম্মদ সজল ও পরিদর্শিকা জাকিয়া সুলতানার বিরুদ্ধে অবৈধ আয়ের সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তারা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের সেবার নামে অবৈধ অর্থ আদায় করছে।
এর মধ্যে, জাকিয়া সুলতানাকে দেয়া হয়েছে ব্যবস্থাপত্র লেখার অনুমতি, যদিও বিএমডিসির সার্টিফিকেট ছাড়া এমন কাজ করা বেআইনি। অভিযোগ রয়েছে, তিনি রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য পাঠিয়ে অর্থ আদায় করেন এবং সজল ও জাকিয়া সুলতানার অসদাচরণ ও অবহেলার কারণে স্বাস্থ্য কেন্দ্রে সেবা গ্রহীতারা চরম ক্ষুব্ধ।
প্রতিবেদনে আরও বলা হয়, সজল ও জাকিয়া সুলতানার পূর্বের কর্মস্থলে বক্তাবলী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেও নানা অনিয়মের খবর পাওয়া গেছে। সেখানে শিশু কার্ড, ইনজেকশন ইত্যাদি দেয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সজল ও জাকিয়া সুলতানা তাদের কর্মকাণ্ড অস্বীকার করেছেন।