দে ব্রুইনার বিদায়ের ঘোষণা: ম্যান সিটিতে শেষ মৌসুম কাটাচ্ছেন বেলজিয়ান তারকা
দিগন্ত জার্নাল ডেস্ক:
ক্যারিয়ারের শুরুর দিকে ইংলিশ লিগে দুই মৌসুম খেলেছিলেন চেলসির জার্সিতে, তবে নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ পাননি কেভিন দে ব্রুইনা। এরপর জার্মানিতে ওয়ের্ডার ব্রেমেন ও পরে ভলফসবুর্গের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আবার ইংলিশ ফুটবলের নজর কাড়েন তিনি।
২০১৫-১৬ মৌসুমে ম্যানচেস্টার সিটি তাকে দলে ভেড়ায়, এবং এরপরের গল্পটা রূপকথার মতো। সিটির হয়ে একের পর এক ট্রফি জিতেছেন, গড়েছেন অসংখ্য রেকর্ড। পেপ গার্দিওলার সিটির ‘ক্রিয়েটিভ হার্ট’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তবে যার শুরু আছে, তার শেষও আছে। ইতিহাদে দে ব্রুইনার সময় ফুরিয়ে আসছে। এতদিন গুঞ্জন থাকলেও এবার নিজেই নিশ্চিত করলেন, চলতি মৌসুমই হবে তার সিটির হয়ে শেষ মৌসুম।
সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে দে ব্রুইনা লিখেছেন,“প্রিয় ম্যানচেস্টার, এটাই হবে ম্যানচেস্টার সিটি খেলোয়াড় হিসেবে আমার শেষ কয়েকটি মাস। এটা লেখা মোটেও সহজ নয়, কিন্তু একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি এই দিনটা একদিন আসবেই। সেই দিনটা আজ এসেছে – এবং আমি চাচ্ছি, আপনারা এটা সবার আগে আমার মুখ থেকেই জানুন।” তিনি আরও যোগ করেন, “প্রত্যেকটা গল্পেরই একসময় শেষ হয়, কিন্তু এটা নিঃসন্দেহে আমার জীবনের সেরা অধ্যায় ছিল। চলুন, এই শেষ মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করি! অনেক ভালোবাসা।”
ম্যানচেস্টার সিটির হয়ে ৪০০-এর বেশি ম্যাচ খেলা দে ব্রুইনা ক্লাবটির জার্সিতে— ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ, ৫টি লিগ কাপসহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। তার বিদায়ে সিটি এক কিংবদন্তিকে হারাতে চলেছে। এখন দেখার বিষয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার পরবর্তী গন্তব্য কোথায় হয়!