খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫: খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
হাফেজ্জী হুজুরের প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া মাদরাসা-তে তিনি দীর্ঘকাল শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তারা এক শোকবার্তায় বলেন, “মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ আলেম ও সংগঠক। আল্লাহ তার দ্বীনি খেদমত কবুল করুন।”
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে কওমি অঙ্গন ও ইসলামী রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।