খালেদা জিয়া-সেনাপ্রধানের বৈঠক নিয়ে আনন্দ বাজার পত্রিকায় সংবাদ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার (২ ডিসেম্বর২০২৫) রাতে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী।
(৩ জানুয়ারী ২০২৫)শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিএনপি প্রধানের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রাত সাড়ে ৮টা থেকে প্রায় ৪০ মিনিট ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় সেনাপ্রধান খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহি আকবরও উপস্থিত ছিলেন।
বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (‘জামাত’ নামেই পরিচিত) এর মধ্যকার সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামাতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “আমি জামায়াতে ইসলামীর কাছে জানতে চাই, একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের অধীনে ছিলেন?”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে জামাত-ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন নিয়ে দোটানার ফলে বিএনপির অসন্তোষ বেড়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামাতের নেতারা পাকিস্তানি সেনার পক্ষে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বেশ কয়েকজন জামাত নেতার শাস্তি হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। জেনারেল ওয়াকার-উজ-জামানের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং তার অভিজ্ঞতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।