বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস - দিগন্ত জার্নাল

বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ব্যাংকক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই তাকে বিদায় জানান।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছিলেন ড. ইউনূস। দুই দিনের সফরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং আঞ্চলিক শান্তি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় দেশের অবস্থান তুলে ধরেন। সফরকালে তিনি থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও মিয়ানমারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হতাহতের বিষয়টি তুলে ধরেন তিনি। একইসঙ্গে ইউনূস জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের ২০২৪ সালের রিপোর্টের প্রসঙ্গ আনেন, যেখানে ধরপাকড়, নির্যাতন ও ১,৪০০ বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগ রয়েছে, যার ১৩ শতাংশই শিশু। তিনি ভারতের কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গে অগ্রগতি জানতে চান এবং অভিযোগ করেন যে, তিনি ভারতে অবস্থান করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

থাই প্রধানমন্ত্রী পেতোংতান সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং চট্টগ্রাম থেকে ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল, শিক্ষা ও বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শ্রীলংকার প্রধানমন্ত্রী হারিনিয়া অমরাসুরিয়ার সঙ্গে বৈঠকে চুরি হওয়া অর্থ ফেরত আনার বিষয় নিয়ে সহযোগিতা চান তিনি। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ থান শের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অগ্রগতির কথা জানানো হয় এবং জানানো হয়, প্রথমবারের মতো মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চূড়ান্ত সম্মতি দিয়েছে।

সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও ড. ইউনূস বিমসটেক-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে এই আঞ্চলিক জোটে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারী নেতারা।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংগঠন। সদস্য রাষ্ট্রগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

an adbox will go here