এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে অনূর্ধ্ব-১৯ দলের তামিম, ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া - দিগন্ত জার্নাল

এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে অনূর্ধ্ব-১৯ দলের তামিম, ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হক তামিমের শ্রীলঙ্কা সফরের জন্য এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। কেউ তার এই সিদ্ধান্তকে ‘দেশের জন্য ত্যাগ’ হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে অবিবেচনাপূর্ণ ও হতাশাজনক বলেই মনে করছেন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এ সিদ্ধান্তকে ‘অশিক্ষিত চিন্তাভাবনা’ আখ্যা দিয়ে বলেন, “এটা তো বিশ্বকাপ না যে এসএসসি পরীক্ষা বাদ দিতে হবে। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি।”জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও তামিমের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, “একটি সিরিজ মিস করলে কিছু আসত-যেত না। ক্রিকেট ক্যারিয়ার হলেও হতে পারে, না-ও হতে পারে। লেখাপড়া ছাড়া গড়ে ওঠা কঠিন।”ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, তামিম আগে জানিয়েছিল সে পরীক্ষা দেবে। তবে পরে পরিবারকে রাজি করিয়ে সিদ্ধান্ত পাল্টেছে। তিনি বলেন, “কে তাকে প্রভাবিত করেছে, জানি না।”
প্রসঙ্গত, চলতি মাসেই অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি, যার সবকটি ম্যাচ হবে হাম্বান্টোটায়। ২৪ এপ্রিল একটি প্রস্তুতি ম্যাচের পর সিরিজ শুরু হবে ২৬ এপ্রিল এবং শেষ হবে ৮ মে।

an adbox will go here