ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে লাখো মানুষ, আজ খুলছে অফিস-আদালত
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ৬ এপ্রিল ২০২৫ || ঈদুল ফিতরের ৯ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। একই সঙ্গে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও চালু হচ্ছে। ফলে রাজধানীর অফিসপাড়া, সরকারি-বেসরকারি অফিস, সেবা কেন্দ্রগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও কয়েকদিন পর খুলবে। রাজধানীমুখী মানুষের ঢল শনিবারও ছিল সড়ক, রেল ও নৌপথে। নির্বিঘ্নে ফেরার অভিজ্ঞতা শেয়ার করেছেন যাত্রীরা, যারা বলছেন— এবারের ঈদযাত্রা ছিল অনেকটা স্বস্তিদায়ক।
গত ২৮ মার্চ (শুক্রবার) শবেকদরের ছুটি ও ২৯ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটি, মাঝের ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি এবং ৪-৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিনের ছুটির অবসান হচ্ছে আজ। এরই মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ঢাকায় ফেরা যাত্রীরা জানাচ্ছেন, ঈদের ছুটি শেষে ট্রেন, বাস ও লঞ্চে কোনো বড় ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় ফিরেছেন।
বাস স্টেশন, রেল স্টেশন ও লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, শনিবার সকাল থেকেই গাবতলী, মহাখালী, সায়েদাবাদসহ রাজধানীর প্রধান টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনে ১.৫ থেকে ২ হাজার যাত্রী এসেছেন, যাদের মধ্যে অনেকে পরিবার রেখে একাই ফিরেছেন অফিস শুরুর আগে। গাবতলী বাস টার্মিনালের দর্শনা ডিলাক্স পরিবহণের ম্যানেজার শল্টু জানান, সব বাসেই ছিল অতিরিক্ত যাত্রী। ৪০ সিটের বাসেও এসেছে ৪৫ জন।
সড়কে যানজট না থাকলেও লঞ্চঘাটের বাইরে যানবাহনের সংকট ও পরিবহণ জটলা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, লঞ্চে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। ট্রেনে ছিল না কোনো টিকিট কালোবাজারি বা শিডিউল বিপর্যয়, তবে শুক্রবার সার্ভারের সমস্যা সাময়িক ভোগান্তি সৃষ্টি করে, যা দ্রুত নিরসন করা হয়।
ফরিদপুর থেকে ফিরেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সুফিয়ান আহমেদ। তিনি জানান, পরিবার গ্রামে রেখে একাই ফিরেছেন, অফিসে যোগদানের জন্য। গাবতলীর ট্রাফিক পুলিশও জানিয়েছেন, শনিবার থেকে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।
সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মাতুয়াইল, শনিরআখড়াসহ ঢাকার প্রবেশপথগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি বাসেই ভিড়, মানুষের চোখেমুখে ঈদের আনন্দের ছাপ। কেউ অটোরিকশা, কেউ রিকশায়, কেউবা হেঁটে ছুটছেন বাসায় বা কর্মস্থলে। বরিশাল থেকে আসা আবুল কালাম বলেন, পূর্বের ভাড়ার চেয়ে ২০০ টাকা বেশি নিয়েছে। কচুয়া থেকে আসা যাত্রী নিয়াজ খোরশেদ জানান, যেখানে ভাড়া ছিল ১৬০ টাকা, সেখানে নেওয়া হয়েছে ২৫০ টাকা।
সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ছিল অপেক্ষাকৃত স্বস্তিদায়ক। তবে বাড়তি ভাড়া ও কিছু কিছু স্থানে যানবাহনের স্বল্পতা যাত্রীদের কিছুটা ভোগান্তিতে ফেলেছে। আজ রোববার অফিস শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান কয়েকদিন পর খুলবে বলে ঢাকায় ফেরার এই চাপ পুরো সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।