একযুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ, আসছে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ || দীর্ঘ একযুগ পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি এপ্রিল মাসে। সর্বশেষ ২০১২ সালে এমন সংলাপ হয়েছিল। এবার উভয় দেশ ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ ও পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আলোচনায় বসছে। ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও সম্পর্ক উন্নয়নের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই সংলাপ আয়োজিত হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এবারের সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
আলোচনায় মূলত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। সেইসঙ্গে দীর্ঘদিন স্থগিত থাকা যৌথ কমিশন পুনর্বহাল করতেও প্রস্তাব দিতে পারে পাকিস্তান। এই কমিশনের মাধ্যমে দু’দেশের মধ্যে কার্যকর সমন্বয়ের নতুন অধ্যায় শুরু হওয়ার আশা করা হচ্ছে।
এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২-২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকে বাণিজ্য, কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতা গভীর করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ। সফরকালে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।
ডেইলি পাকিস্তান আরও উল্লেখ করেছে, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের ওপর ভারতের প্রভাব কমে আসছে। এতে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পথ উন্মুক্ত হচ্ছে।
এছাড়া, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর অংশ হিসেবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নতুন মাত্রা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিনের দূরত্বের পর এই সংলাপ দু’দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।