আন্তক্যাডার বিরোধ: ৮ কর্মকর্তা বরখাস্ত, ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলমান - দিগন্ত জার্নাল

আন্তক্যাডার বিরোধ: ৮ কর্মকর্তা বরখাস্ত, ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলমান

দিগন্ত জার্নাল ডেস্ক:
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর আন্তক্যাডার দ্বন্দ্ব নিয়ে বিরূপ মন্তব্য করায় আটজন সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন শিক্ষা ক্যাডারের, একজন বিসিএস প্রশাসন, একজন প্রাণিসম্পদ, এবং একজন মৎস্য ক্যাডারের।

এছাড়া, দুজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে। জানা গেছে, মোট ১৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন গত ১৭ ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলনে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৫০% এবং অন্যান্য ক্যাডারের ৫০% কোটা প্রস্তাব করে। এই পরিবর্তনের প্রস্তাবে প্রশাসন এবং অন্যান্য ক্যাডারের মধ্যে বিরোধ শুরু হয়।

২৫টি ক্যাডারের কর্মকর্তারা প্রতিবাদ সভা, জমায়েত, ও কর্মবিরতির মতো কর্মসূচি গ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১ জানুয়ারি সাময়িক বরখাস্ত হন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। একই দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাহিদুল ইসলাম এবং বিসিএস প্রশাসনের মোহাম্মদ সাদিকুর রহমানকেও বরখাস্ত করা হয়। সাদিকুরকে এর আগে ওএসডি করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ে পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে চারজন প্রভাষক এবং একজন সহকারী অধ্যাপক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুর রহমান বলেন, “সরকারি কর্মচারীদের আচরণবিধি মেনে চলতে হবে। যারা নিয়ম ভেঙে বিরূপ মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, “চাকরির বিধি লঙ্ঘন করে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।”

an adbox will go here