হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসের স্মারক বোদা উপজেলার বরদেশ্বরী মন্দির
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার,৬ এপ্রিল, ২০২৫ || বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মৌজায় অবস্থিত বরদেশ্বরী মন্দির একটি প্রাচীন হিন্দু ধর্মীয় স্থাপনা, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রায় ২.৭৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরটিকে ঘিরে রয়েছে ইতিহাস, লোককথা এবং হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানের ধারাবাহিকতা।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এই স্থানটিকে তারা ‘মহাপীঠ’ হিসেবে বিবেচনা করে থাকেন। বিভিন্ন পুরাণ, বিশেষ করে স্কন্দ পুরাণের একটি অংশের ওপর ভিত্তি করে এই বিশ্বাস গড়ে উঠেছে বলে হিন্দু সম্প্রদায়ের লোকজন থেকে জানা যায়।
জনশ্রুতি রয়েছে, বরদেশ্বরী নাম থেকেই বোদা নামটির উৎপত্তি। পাল রাজাদের শাসনামলে এখানে একটি মন্দির ও দুর্গ নির্মিত হয়, যা সময়ের পরিক্রমায় ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করছে।
করতোয়া নদীর তীরে অবস্থিত বরদেশ্বরী মন্দির স্থাপত্য ও লোকাচারবিষয়ক আগ্রহীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বোদা উপজেলা নিজেও একাধিক দিক দিয়ে সমৃদ্ধ। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত বোদা পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে রূপান্তরিত হয়েছে। এছাড়াও রয়েছে বোদা মহিলা মহাবিদ্যালয়, পাথরাজ সরকারি কলেজ এবং বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ—যেগুলো এ অঞ্চলের শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছে।
এ উপজেলায় প্রবাহিত করতোয়া, টাঙ্গন ও পাথরাজ নদী এলাকাটিকে করে তুলেছে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ ও জীবন্ত।
স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের নিদর্শন হিসেবে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দির এক গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। তবে, এটি একান্তই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের অংশ, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে সম্মান রেখে বিবেচনায় নেওয়া প্রয়োজন।