প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল - দিগন্ত জার্নাল

প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

দিগন্ত জার্নাল ডেস্ক:
কার্যক্রম এগিয়ে নিতে প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।

এই কমিশনগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে।

বিচার বিভাগ সংস্কার কমিশনকে প্রতিবেদন দেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন ৩ অক্টোবর গঠিত হয়েছিল। এই পাঁচ কমিশনকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, ২ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

সংবিধান সংস্কার কমিশন ৬ অক্টোবর গঠিত হয়েছিল এবং ৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

গত ৪ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছয় কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয়।

এই ছয়টি কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিত মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুত করতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করা হচ্ছে এবং প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে।

কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া, গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেয়েছে।

an adbox will go here