ছক্কার রাজ্যে ট্রাভিস হেড, আজ রাতে ছোঁতে পারেন ৫টি বড় মাইলফলক
দিগন্ত জার্নাল ডেস্ক:
গত দুই বছরে ব্যাট হাতে সবচেয়ে বেশি ভয় ধরানো ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকেই থাকবে অস্ট্রেলিয়ান ট্রাভিস হেডের নাম। আক্রমণাত্মক মেজাজেই যিনি এবার আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন টপ অর্ডারে। তবে এবারের আসরটি এখন পর্যন্ত হেডের জন্য মিশ্র অভিজ্ঞতা হয়ে থাকলেও আজকের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে নিজের চেনা রূপে ফিরতে মরিয়া হবেন বাঁহাতি এই ব্যাটার। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হেড যদি আজ বড় ইনিংস খেলতে পারেন, তাহলে তিনি একসঙ্গে ছুঁয়ে ফেলতে পারেন পাঁচটি মাইলফলক, যার মধ্যে তিনটিই ছক্কার।
আজ রাতে ট্রাভিস হেডের সামনে যেসব মাইলফলক:
আইপিএলে ৫০ ছক্কা: হেডের এখন পর্যন্ত আইপিএলে ৪৬ ছক্কা। মাত্র ৪টি ছক্কা মারলেই এই মাইলফলক ছোঁবেন। এর মধ্যে ৩৮টি হায়দরাবাদের হয়ে, ৮টি বেঙ্গালুরুর জার্সিতে।
ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে ৫০ ছক্কা: মাত্র ১টি ছক্কা দরকার হেডের। বর্তমানে ৪৯ ছক্কা রয়েছে ভারতের মাটিতে, যার মধ্যে আইপিএলের ৪৬ ও অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে ৩টি।
টি-টোয়েন্টিতে ২০০ ছক্কা: স্বীকৃত টি-টোয়েন্টিতে হেডের ছক্কার সংখ্যা এখন ১৯৪। আরও ৬টি ছক্কা মারলেই পৌঁছে যাবেন ২০০-তে।
আইপিএলে ১০০০ রান: বর্তমানে হেডের রান ৯১২। আজ ৮৮ রান করলেই হবেন অস্ট্রেলিয়ার ১৫তম ব্যাটার, যিনি আইপিএলে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।
আইপিএলে ১০০ চার: হেডের বর্তমান চারের সংখ্যা ৯৫। আজ ৫টি চার মারলেই এই মাইলফলকও হবে সম্পূর্ণ।
আজকের ম্যাচটি তাই শুধু হায়দরাবাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ নয়, হেডের জন্যও হতে পারে ব্যক্তিগত রেকর্ড গড়ার এক ঐতিহাসিক দিন। মাঠে নেমেই যদি নিজের ছন্দে ফিরতে পারেন, তাহলে আজ রাতটা হয়ে উঠতে পারে ট্রাভিস হেডের একচ্ছত্র রাজত্বের গল্প।