গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশে চলছে 'নো ওয়ার্ক, নো ক্লাস' - দিগন্ত জার্নাল

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশে চলছে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’

দিগন্ত জার্নাল ডেস্ক:


সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ পালন করা হচ্ছে একই কর্মসূচি। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এই প্রতিবাদে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহিদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে জড়ো হন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অন্যদিকে, বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে হবে। তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান—মানবতার এই বিপর্যয়ে আর নীরব না থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের।

গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। রোববার রাতেই দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। অধিকাংশ প্রতিষ্ঠান গাজার পক্ষে অবস্থান জানিয়ে নোটিশও দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা আজ ‘নো ওয়ার্ক’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

এদিকে, ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনও কর্মসূচি ঘোষণা করেছে। গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতির এই ঢল যেন বিশ্ববাসীর বিবেককে নাড়া দেয়—এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশের প্রতিবাদমুখর ছাত্রসমাজ।

an adbox will go here