গাজায় ইসরায়েলি গণহত্যা'র প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও—বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। - দিগন্ত জার্নাল

গাজায় ইসরায়েলি গণহত্যা’র প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও—বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা।

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর নির্মম আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি। এরই অংশ হিসেবে দুপুর সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ।

মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে কিছু সময়ের জন্য ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা মিছিলটির সামনে অবস্থান নেন।

সকাল থেকেই মার্কিন দূতাবাস এলাকা ঘিরে রাখে সেনা সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, তারা একটি মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন এবং প্রতিটি পথচারীকে তল্লাশি করা হচ্ছে। কাউকে ফুটপাতে দাঁড়াতে বা দূতাবাসের আশপাশে অবস্থান নিতে দেওয়া হচ্ছে না।

দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দিলে যানচলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে পুলিশ ও সেনা সদস্যরা। ঘটনাস্থলে গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত আছেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “ফিলিস্তিন-গাজার জয় হবেই হবে। যতদিন পৃথিবী থাকবে, ততদিন ইসলামের এই ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো বিশ্বের মুসলিমদের এক হওয়া—জিহাদ ঘোষণা করা। আর এই বিক্ষোভ সেই বৃহৎ আন্দোলনের প্রথম ধাপ।”

এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের ছাত্রসমাজ আবারও জানিয়ে দিয়েছে, মানবতার বিরুদ্ধে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তারা নিরব থাকবে না।

an adbox will go here