দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতার নির্দেশ আইজিপির - দিগন্ত জার্নাল

দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতার নির্দেশ আইজিপির


দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় দায়ীদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সোমবার এক নির্দেশনায় আইজিপি বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে।” তিনি আরও জানান, সরকার কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয় না, তবে তার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এদিকে, চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, “যখন আমরা বাংলাদেশকে বিশ্বব্যাপী বিনিয়োগের জন্য একটি ইতিবাচক গন্তব্য হিসেবে উপস্থাপন করছি, তখন এ ধরনের সহিংসতা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

তিনি জানান, আক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী এবং কিছু বিদেশি বিনিয়োগকারী রয়েছেন, যারা দেশের অর্থনীতির প্রতি আস্থা রেখে বিনিয়োগ করেছেন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। তার মতে, “যারা এসব জ’ঘ’ন্য ভাঙচুর চালিয়েছে, তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান এবং স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করেছে।”

আইজিপি ও বিডা চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের বিনিয়োগ পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে।

an adbox will go here