ঈদের ছুটি শেষে আজ প্রাথমিক ও মাদ্রাসায় ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার - দিগন্ত জার্নাল

ঈদের ছুটি শেষে আজ প্রাথমিক ও মাদ্রাসায় ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

দিগন্ত জার্নাল ডেস্ক :

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ || রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে। আগামী বুধবার (৯ এপ্রিল) খুলবে মাধ্যমিক বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি, মাউশি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়
গত ২৬ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের ছুটি দিয়ে শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সূচনা। পরদিন ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। এরপর দোলযাত্রা, স্বাধীনতা দিবস, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর মিলিয়ে মোট ৪০ দিন ছুটি পায় শিক্ষার্থীরা। তবে সোমবার (৭ এপ্রিল) ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস হয়নি। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পুরোদমে ক্লাস চালু হয়েছে।

মাদ্রাসা শিক্ষা
মাদ্রাসাগুলোর ছুটি শুরু হয় ২৫ ফেব্রুয়ারি থেকে। প্রায় দেড় মাস অর্থাৎ ৪২ দিন বন্ধ থাকার পর আজ আবারও মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরুর নির্দেশ দিয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়
দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয় ২৭ ফেব্রুয়ারি থেকে। পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হবে।

কলেজ শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে ৩ এপ্রিল। এরপর ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৬ এপ্রিল (রোববার) থেকে ক্লাস শুরু হয়। তবে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির কারণে ৭ এপ্রিল কলেজে পাঠদান হয়নি। আজ থেকে আবারও নিয়মিত ক্লাস চলছে। তবে যেসব কলেজ স্কুল অ্যান্ড কলেজ হিসেবে পরিচালিত, সেগুলো মাধ্যমিকের সময়সূচি অনুযায়ী বুধবার খুলবে।

ছুটির পর পাঠক্রমে গতি ফেরাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত ও নিয়মিত ক্লাস নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

an adbox will go here