ইসরাইলকে পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল আ'লীগ সরকার: সালাহউদ্দিন আহমেদ - দিগন্ত জার্নাল

ইসরাইলকে পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল আ’লীগ সরকার: সালাহউদ্দিন আহমেদ

দিগন্ত জার্নাল ডেস্ক :

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ || বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও সামরিক আগ্রাসনের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি খুব শিগগিরই কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করবে। শুধু নিন্দা নয়, যারা ইসরাইলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে, সেই পরাশক্তিগুলোর বিরুদ্ধেও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘের ভূমিকাও এই ঘটনায় প্রশ্নবিদ্ধ। ইসরাইল কখনোই জাতিসংঘের কোনো প্রস্তাব বা সিদ্ধান্তের প্রতি সম্মান দেখায়নি। এটি আন্তর্জাতিক ন্যায়বিচারের চরম অবমূল্যায়ন।”

সালাহউদ্দিন আহমেদ দেশবাসীসহ বিশ্ববাসীকে ইসরাইলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

an adbox will go here