‘মার্চ ফর গাজা’: ঢাকায় লাখো মানুষের ঢল, সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত
দিগন্ত জার্নাল ডেস্ক:
১২ এপ্রিল ২০২৫, শনিবার, ঢাকা – ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ পালিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকাল ৩টায় কর্মসূচির মূল জমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নেমেছে। সারা দেশ থেকে মানুষ দলে দলে এসে সমবেত হচ্ছেন এই ব্যতিক্রমধর্মী গণজমায়েতে।
সকাল সাড়ে ১০টার মধ্যেই উদ্যানে কয়েক হাজার লোক উপস্থিত হন এবং সমাবেশস্থলের অর্ধেকের বেশি জায়গা পূর্ণ হয়ে যায়। অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, মাথায় ব্যাজ, গায়ে সংহতিমূলক টি-শার্ট এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। কেউ কেউ বলছেন, এসব পরিধান করে যেন তারা নিজেরাই নির্যাতিত ফিলিস্তিনিদের অংশ হয়ে উঠেছেন।
উদ্যানের আশপাশে পতাকা, ব্যাজ ও টি-শার্ট বিক্রির ধুম পড়ে গেছে। ফিলিস্তিনের পতাকা আকারভেদে ১২০ থেকে ৩০০ টাকা, ব্যাজ ১০ থেকে ২০ টাকা এবং টি-শার্ট ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আগতদের মধ্যে নিরব আহমেদ বলেন, “ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম।” আরেক অংশগ্রহণকারী শফিক বলেন, “যেহেতু এই সমাবেশে অংশ নিচ্ছি, তাই মনে হলো নিজেকে যেন নির্যাতিত ফিলিস্তিনিদের একজন হিসেবে প্রকাশ করি।”
গাজায় চলমান বর্বরোচিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন, মানবিক সহানুভূতি ও মানবাধিকারবোধ জাগ্রত করতেই অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন দেশের ইতিহাসে ফিলিস্তিন ইস্যুতে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে। বিকাল ৩টা থেকে মাগরিবের আগপর্যন্ত চলবে এই কর্মসূচি, যেখানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন ও সংহতি প্রকাশ করছেন।