আক্রমণ নয়, প্রতিক্রিয়া—লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন এমবাপ্পে - দিগন্ত জার্নাল

আক্রমণ নয়, প্রতিক্রিয়া—লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন এমবাপ্পে

দিগন্ত জার্নাল ডেস্ক:
আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে উত্তেজনার রেশে মেজাজ হারিয়ে মারাত্মক ফাউল করে বসেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দেখালেও, ভিএআর-এ রিপ্লে দেখে সিদ্ধান্ত পালটে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করে ভুক্তভোগী খেলোয়াড়ের কাছে ক্ষমাও চেয়েছেন এমবাপ্পে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই ক্ষমা কি তাকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে?

ঘটনাটি ঘটে ম্যাচের ৩৮তম মিনিটে। এর ঠিক আগেই, ৩৪ মিনিটে কামাভিঙ্গার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপরই আলাভেস মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে কড়া ট্যাকল করেন এমবাপ্পে। রেফারির চোখে সেটি শুরুতে হলুদ কার্ডের উপযোগী মনে হলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে লাল কার্ড দেখানো হয়।
এদিন রিয়ালের ডাগআউটে ছিলেন না নিষেধাজ্ঞার কারণে মূল কোচ কার্লো আনচেলত্তি। তার জায়গায় দল পরিচালনা করেন ছেলে ডেভিড আনচেলত্তি। ম্যাচ শেষে এমবাপ্পের আচরণ নিয়ে তিনি বলেন, ‘এমবাপ্পে কোনো সহিংস খেলোয়াড় নয়। সে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। এটা সত্যি, ওর ট্যাকলটা লাল কার্ডের যোগ্য ছিল।’ তিনি আরও যোগ করেন, ‘সম্ভবত ম্যাচের শুরু থেকে এমবাপ্পেকে করা ছোট ছোট ফাউলগুলো তার মধ্যে চাপ তৈরি করেছিল। তবে এমন প্রতিক্রিয়া ঠিক নয়, যদিও সেটা ঘটে গেছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ম্যাচ শেষেই এমবাপ্পে ব্যক্তিগতভাবে গিয়ে আন্তোনিও ব্ল্যাঙ্কোর কাছে ক্ষমা চান। তবে নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখার কারণে তাকে নিষেধাজ্ঞা ভোগ করতেই হবে। এখন দেখার বিষয়, কত ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকা ফরোয়ার্ডকে। আলাভেসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিলেও ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

an adbox will go here