দর্শনায় পুলিশ ব্যারাক থেকে ইমিগ্রেশন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ || চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন (৩০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে এবং দর্শনা চেকপোস্টে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শামীম ব্যারাকের একটি কক্ষে একাই থাকতেন। শুক্রবার সকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তার খোঁজ নিতে গিয়ে বারবার ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, “শামীম নামের একজন ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে জানানো হবে।”
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।