দুর্গাপুরে তিন কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত - দিগন্ত জার্নাল

দুর্গাপুরে তিন কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

দিগন্ত জার্নাল ডেস্ক:

রবিবার, ২০ এপ্রিল ২০২৫ || নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তিন কলেজ অধ্যক্ষ ও একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা না থাকা, জাল সনদ ব্যবহার, অবৈধ নিয়োগ ও অর্থ আত্মসাৎসহ একাধিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা হলেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ তালুকদার, একই কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ এবং আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের অধ্যক্ষ মোছাঃ কামরুন্নাহার।

২০২৪ সালের ১০ নভেম্বর ‘সুসং দুর্গাপুর দুর্নীতি ও নিপীড়ন বিরোধী ভার্সিটিয়ান মঞ্চ’ নামের একটি সংগঠন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত শুরু হয়। উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাসকে আহ্বায়ক এবং প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমানকে সদস্য সচিব করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের মার্চ মাসে প্রতিবেদন জমা দেয়।

তদন্তে উঠে আসে, ফারুক আহমেদ তালুকদার ২০০৩ সাল থেকে সুসং মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ পান। তার স্ত্রী মোছাঃ কামরুন্নাহার জাল সনদ ব্যবহার করে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়ে বর্তমানে এক কলেজে অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। এছাড়া আব্দুল আজিজ ভূয়া সনদে যোগদান করেন বলে তদন্তে উল্লেখ রয়েছে। অভিযোগ আছে, অভিযুক্তরা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এসব দুর্নীতি আড়াল করে আসছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, “তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তিনি তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন।” জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন বলেন, “এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তদন্ত প্রতিবেদনটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি।”

এদিকে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

an adbox will go here