সংমার্চে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান করে মুহিব খানের প্রেস রিলিজ প্রদান - দিগন্ত জার্নাল

সংমার্চে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান করে মুহিব খানের প্রেস রিলিজ প্রদান

নিজস্ব প্রতিবেদক:


বুধবার, ২৩ এপ্রিল ২০২৫:

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নিপীড়ন, হত্যা, উচ্ছেদ, মসজিদ ধ্বংস ও ধর্মীয় বৈষম্যের প্রতিবাদে ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার বেলা ২টায় ঢাকার পল্টনের মুক্তাঙ্গন থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে ‘সংমার্চ’ শিরোনামে এক প্রতিবাদী সংগীতযাত্রা ও প্রতিবাদলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। এ উপলক্ষে সংগঠনের সভাপতি জাগ্রত কবি মুহিব খান এক প্রেস রিলিজে দেশবাসী ও সাংবাদিক সমাজকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে কবি মুহিব খান বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হত্যাযজ্ঞ, গুম, ধর্ষণ, উচ্ছেদ ও লাঞ্ছনার ঘটনা ঘটে আসছে। তিনি ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস, ২০০২ সালের গুজরাট গণহত্যা, ২০১৩ সালের মুজাফফরনগরের দাঙ্গা, ২০২০ সালের দিল্লি সহিংসতা এবং সাম্প্রতিক ওয়াকফ আইন সংশোধনের পর মুসলিমদের সম্পদ হরণ ও অধিকার হরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা বিশ্ব মুসলিম উম্মাহর অংশ হিসেবে এবং মানবতাবাদী নাগরিক হিসেবে এসব অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় মুসলমানদের অধিকার ও মর্যাদা সুরক্ষার জন্য আন্তর্জাতিকভাবে দৃঢ় অবস্থান নিতে হবে।”

মুহিব খান জানান, প্রতিবাদ কর্মসূচিটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এ কর্মসূচিতে থাকবে প্রতিবাদী গান, শ্লোগান এবং বক্তব্য। ভারতের ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠী ও সরকারের ভূমিকার বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা উগ্রতা ও সহিংসতায় বিশ্বাসী নই। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং প্রতিটি মানুষের অধিকার রক্ষার জয় হোক। নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো শুধু ধর্মীয় নয়, এটি মানবিক দায়িত্বও।”

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে।


an adbox will go here