রাউজানে রাজনৈতিক সংঘাতে ৮ মাসে ১২ খুন, সন্ত্রাসে ফিরছে উত্তর চট্টগ্রাম - দিগন্ত জার্নাল

রাউজানে রাজনৈতিক সংঘাতে ৮ মাসে ১২ খুন, সন্ত্রাসে ফিরছে উত্তর চট্টগ্রাম

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | চট্টগ্রামের রাউজান উপজেলা আবারও সন্ত্রাসের জনপদে পরিণত হচ্ছে। রাজনৈতিক গ্রুপিং, আধিপত্য বিস্তার এবং ইট-বালুসহ বিভিন্ন ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যাকাণ্ড বাড়ছে। সরকার পতনের পর গত ৮ মাসে এলাকায় ১২টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ৮টি রাজনৈতিক এবং বাকিগুলো পারিবারিক বা স্বার্থকেন্দ্রিক। দিনেদুপুরে গুলি, রাতের আঁধারে হামলা এবং দলীয় কোন্দলে একের পর এক প্রাণহানি ঘটলেও প্রশাসন তা থামাতে পারছে না। অভিযোগ রয়েছে, এই সহিংসতায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা জড়িত। একে অপরকে দায়ী করলেও বাস্তবে তাদের গ্রুপ ও উপগ্রুপগুলোর দ্বন্দ্বই সংঘাতের মূল উৎস। সর্বশেষ মঙ্গলবার গাজীপাড়ায় যুবদল কর্মী ইব্রাহিমকে গুলি করে হত্যা করা হয়। এর আগে আবদুল মান্নান মিয়া, ইউসুফ মিয়া, আজম খান, আবু তাহের, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হাসান, কমর উদ্দিন জিতু, মোহাম্মদ রুবেল, নূর উদ্দিন বকুল, মোহাম্মদ জাফর, আবদুল্লাহ মানিকসহ আরও অনেককে খুন করা হয়, যাদের মধ্যে কেউ প্রবাসফেরত, কেউ দলীয় নেতা, কেউবা সাধারণ কর্মী। পুলিশ বেশ কিছু মামলায় কয়েকজনকে গ্রেফতার করলেও অনেক ঘটনায় আসামি গ্রেফতার হয়নি। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিলেও রাউজান থানা ও জেলা পুলিশের ভাষ্য, পরিকল্পিত খুন ঠেকানো কঠিন হলেও অভিযুক্তদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। গিয়াস কাদের দাবি করেছেন, খুন হওয়া অধিকাংশই তার অনুসারী, অপরদিকে গোলাম আকবর কাদেরকেই দায়ী করে বলেন, তিনিই রাউজানে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন। রাজনৈতিক এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই রাউজানে আতঙ্ক ও শঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

an adbox will go here