ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে খেলাফত মজলিসের গণমিছিল - দিগন্ত জার্নাল

ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে খেলাফত মজলিসের গণমিছিল

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও ভারতের মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। বুধবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশ থেকে শুরু হওয়া এই গণমিছিলে নেতৃত্ব দেন দলের আমির মাওলানা মামুনুল হক।

মিছিল-পূর্ব সমাবেশে মামুনুল হক বলেন, ইসলামবিরোধী অবস্থান নিয়ে কোনো সরকারই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘হাসিনার মতো নিজেদের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবেন না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল বাতিল এবং মুসলিম নিধন বন্ধ না হলে দিল্লি অভিমুখে লংমার্চ করা হবে।

তিনি আরও বলেন, “আজ সবচেয়ে সমালোচিত দুটি জনপদ হলো গাজা ও ভারত। গাজায় ইসরাইলের গণহত্যা আর ভারতে কসাই মোদির নেতৃত্বে মুসলিম নিধন চলছে। ৩০ কোটি মুসলমানের দেশকে মুসলিমশূন্য করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না।”

গণমিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, মাওলানা নূর হোসাইন নূরানী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়সাল আহমাদ।

an adbox will go here