নতুন প্রকল্পে লাগাম টানছে অন্তর্বর্তী সরকার
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যেনতেন প্রকল্প অন্তর্ভুক্তি ও অপচয় ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। সীমিত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই নতুন প্রকল্প গ্রহণে লাগাম টানার ঘোষণা এসেছে। এর অংশ হিসেবে বুধবার থেকে শুরু হয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে পাঁচ দিনব্যাপী সিরিজ বৈঠক, যেখানে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাতটি নির্দেশনা মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে। পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র জানায়, গতবারের তুলনায় এবার অননুমোদিত প্রকল্পের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। এবার প্রায় দেড় হাজার প্রকল্পের প্রস্তাব জমা পড়লেও শেষ পর্যন্ত ৫৫০ থেকে ৬০০টি প্রকল্প এডিপিতে যুক্ত হতে পারে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৯২১টি অননুমোদিত প্রকল্প তালিকাভুক্ত হয়েছিল, যেগুলোর বাস্তবায়নে ব্যাপক অর্থ অপচয় হয়। এবারের অন্তর্বর্তী সরকার তা ঠেকাতে বদ্ধপরিকর। এ প্রসঙ্গে আইএমইডির সাবেক সচিব মহিউদ্দিন জানান, লোক দেখানো উচ্চাভিলাষী প্রকল্প গ্রহণ না করে কেবল প্রয়োজনীয় প্রকল্পই গ্রহণ করা উচিত। পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে বৈঠকগুলোতে প্রস্তাবিত নতুন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ হচ্ছে। এদিকে পরিকল্পনা কমিশনের সাত নির্দেশনার মধ্যে রয়েছে—চলতি অর্থবছরে শেষ হওয়া প্রকল্পে অগ্রাধিকার দেওয়া, চলমান প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করা, অনুমোদিত প্রকল্পে বরাদ্দে যথাযথ হিসাব মেনে চলা, ইআরডির ঋণের পরিমাণ অপরিবর্তিত রাখা ইত্যাদি। আগামী ২৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চূড়ান্ত বরাদ্দ পরিকল্পনা কমিশনে জমা দিতে বলা হয়েছে।