শ্রমিক লীগের ছত্রছায়ায় আকিজের সাবেক সুপারভাইজার থেকে কোটিপতি শাহিন
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | আকিজ টোব্যাকো ফ্যাক্টরির সাবেক সুপারভাইজার শাহিনুর ইসলাম শাহিন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক সময়ের চাকরিজীবী থেকে আজ তিনি ডুপ্লেক্স বাড়ি, কোটি টাকার ব্যবসা, ট্রাকসহ নানা সম্পদের মালিক। তাঁর এই উত্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
জানা যায়, শাহিন এক সময় জীবিকার তাগিদে আকিজ টোব্যাকোতে সুপারভাইজার পদে চাকরি করতেন। ২০১৪ সালে তিনি শ্রমিক লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। এরপর শুরু হয় তার উত্থানের যাত্রা। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ কেনেন টাকার বিনিময়ে। এরপর টানা প্রায় এক দশক ধরে ওই পদে থেকেই দলের ছত্রছায়ায় নিজের ভাগ্য বদলে ফেলেন তিনি।
বর্তমানে শাহিনের নিজ এলাকায় রয়েছে একটি ডুপ্লেক্স বাড়ি, আরেকটি দুইতলা ভবন, দুটি ট্রাক, ঢাকায় গার্মেন্টস ব্যবসা এবং জমিজমাসহ বিভিন্ন ব্যবসায়িক খাত। অথচ এই বিপুল সম্পদের উৎস নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, “সাধারণ আকিজ টোব্যাকোতে চাকরি করে এতো সম্পদ অর্জন সম্ভব নয়। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সে রাতারাতি কোটিপতি হয়েছে।” সেই সঙ্গে অভিযোগ উঠে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের প্রভাব কমে যাওয়ায় শাহিন নতুনভাবে বিএনপির এক নেতার সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছেন এবং উপহারসামগ্রীও পাঠাচ্ছেন।
এ বিষয়ে নিজের বক্তব্যে শাহিন বলেন, “আমি দীর্ঘদিন শিফট ইনচার্জ ছিলাম। পরে ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক হই। ওই সময় কোম্পানির মালিকের জমিজমা কিনে দিতাম। চাকরির পাশাপাশি ব্যবসা করতাম, এখন ঢাকায় গার্মেন্টস ও ডিলারশিপের ব্যবসা করছি। আমার কোনো অবৈধ সম্পদ নেই।”
তবে মানিকগঞ্জের একজন ছাত্রনেতা রমজান মাহমুদ বলেন, “আওয়ামী লীগের দোসররা জনগণের সম্পদ লুট করে নিজেদের পকেট ভারি করেছে। শাহিনের সম্পদের উৎস খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ একান্ত জরুরি।”
স্থানীয়ভাবে এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত কোনো তদন্ত শুরু হয়নি। তবে জনপ্রতিনিধিদের একাংশ ও সচেতন নাগরিকরা দাবি তুলেছেন, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা সম্পদের হিসাব জনসমক্ষে আনা হোক।
প্রতিবেদন: দিগন্ত জার্নাল ডেস্ক
সূত্র: মাঠপর্যায়ের অনুসন্ধান ও স্থানীয় মন্তব্য