ডাকসু নির্বাচনে আগ্রহ ৯৬ শতাংশ শিক্ষার্থীর
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনকে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় মনে করছেন বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ‘পরামর্শক কমিটি’র তত্ত্বাবধানে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ওই জরিপে অংশগ্রহণকারী ১,৭৪৩ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৪ শতাংশ মনে করেন এই নির্বাচন এখন অপ্রয়োজনীয়।
জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় অর্ধেক মনে করেন, একাডেমিক ভবনে ভোটগ্রহণ হলে নির্বাচন অধিক সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দ্বিতীয় পছন্দ হিসেবে এসেছে সংশ্লিষ্ট হল কিংবা অন্যান্য নির্ধারিত ভবন।
গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এই জরিপ চালু করে। শিক্ষার্থীরা তাদের ইনস্টিটিউশনাল ই-মেইল ব্যবহার করে নিজ নিজ প্রোফাইলে ঢুকে জরিপে অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫৯.২৭ শতাংশ বিশ্বাস করেন, ছাত্র-শিক্ষকের যৌথ উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনই সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। অন্যদিকে প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা নির্ধারিত কমিশনের পক্ষে মত দিয়েছেন।
জরিপে অংশ নেওয়া প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী মনে করেন, আগামী তিন মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি সর্বাধিক গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে। এদের মধ্যে প্রায় ৫২ শতাংশ শিক্ষার্থী মনে করেন প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থাই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধান পূর্বশর্ত। দ্বিতীয় সর্বাধিক সমর্থিত মত হচ্ছে পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে খুব শিগগিরই ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ এবং অংশগ্রহণই এই নির্বাচনের প্রয়োজনীয়তা প্রমাণ করছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।