জলবায়ু সংকট রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের - দিগন্ত জার্নাল

জলবায়ু সংকট রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

দিগন্ত জার্নাল ডেস্ক:


শনিবার, ২৬ এপ্রিল ২০২৫|| পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের জলাশয় ও বনভূমি দখল ঠেকাতে এবং প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। শিক্ষাকে শুধু উপার্জনের কাজে না লাগিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া এবং যে কোনো অবস্থায় সবার ওপর ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া।

সমাবর্তনে সভাপতিত্ব করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, নারী ও পরিবেশ রক্ষার সংগ্রাম একে অপরের পরিপূরক। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অথচ তারাই এর জন্য সবচেয়ে কম দায়ী। এই ন্যায়ের প্রশ্নেই জলবায়ু সংগ্রাম এক নারীবাদী আন্দোলন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে এবং তাদের প্রতিটি সিদ্ধান্ত পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পরিবেশবান্ধব সমাধান উদ্ভাবনে উৎসাহিত করেন। উপদেষ্টা আরও বলেন, আমরা সবাই উন্নয়ন চাই, তবে তা যেন প্রকৃতির ওপর সর্বনাশ ডেকে না আনে।


an adbox will go here