২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি - দিগন্ত জার্নাল

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || আগামী ২৮ এপ্রিল সোমবার জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ ফারিন ফারজানা স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে এবারের নির্ধারিত স্লোগান বা প্রতিপাদ্য হলো—‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ যা সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে।

অপর এক স্মারকে বলা হয়েছে, দিবসের কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা বা সেমিনার আয়োজন, প্রচারণামূলক সামগ্রী বিতরণ, পোস্টারিং এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজন জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত অপর এক স্মারকে জানানো হয়, আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০১৩ সালে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও দিবসটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য সংযুক্ত বিবরণ অনুসারে বাজেট বরাদ্দ করা হয়েছে এবং বরাদ্দকৃত অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও ২০০৮ অনুযায়ী ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তা কার্যক্রমের আওতায় মার্চ ২০২৫ পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি নম্বর-১৬৪৩০)-এর মাধ্যমে মোট ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়েছে।

an adbox will go here