ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, মোদিকে ফয়জুল করীম
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ভারতে মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চলছে, মুসলিমদের নির্মূলের অপচেষ্টা হচ্ছে—এমন অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভারত থেকে মুসলিমদের উচ্ছেদ করতে ওয়াকফ আইন পরিবর্তনসহ নানা ষড়যন্ত্র চলছে। মুসলিমদের জমি-জমা, মসজিদ-মাদ্রাসা এবং এমনকি কবরস্থান পর্যন্ত দখল করা হচ্ছে। শনিবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোদি সরকারকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, “আপনার সামনে ভালো দেখছি না। আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে।” তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওআইসিসহ বিভিন্ন সংস্থাকে ভারতের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি? আপনার চারপাশে নাস্তিকদের পদায়ন করেছেন। তারা আপনাকে সুখে থাকতে দেবে না। আমাদের সতী মা-বোনদের জন্য আইন করার অধিকার এসব নাস্তিকদের কে দিয়েছে?” নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ব্যর্থ হলে জনগণ সরকারের উন্নয়নকে থুতু নিক্ষেপ করবে।
তিনি আরও বলেন, “সংস্কারের আগে নির্বাচন হতে হবে। জনগণ আর কোনো গুণ্ডামি মার্কা নির্বাচন মেনে নেবে না। অচিরেই ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হবে।” তিনি জাতীয় নির্বাচনের আগে ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান এবং হুঁশিয়ার করে বলেন, বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা বরদাশত করবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, মুফতি দিলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাডভোকেট হানিফ মিয়া, মুনতাসির আহমাদ, ইঞ্জিনিয়ার মোরাদ হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, শাহাদাত হোসাইন প্রধানিয়া, হাম্মাদ বিন মোশাররফ, মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও আরিয়ান মুহাম্মদ ইমন প্রমুখ।