২ মে ঢাকায় ফ্যাসিস্ট আ’লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার এনসিপির চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন। সভায় সারাদেশ থেকে আগত কেন্দ্রীয় সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত হয়, যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। এ কাউন্সিলের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তিন মাস পর এ নির্বাহী কমিটির কার্যকারিতা নবায়ন, পুনর্মূল্যায়ন অথবা নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
এছাড়া, সভায় দলের গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত হয়। এই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।