কুয়েটের চার শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’—এই অভিযোগ তুলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বহিরাগত ১০-১৫ জনের একটি দল। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে খুলনার ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ।
আহত শিক্ষার্থীরা জানান, রাত ৮টার দিকে তারা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকার একটি ফুচকার দোকানে গেলে ১০-১২ জন বহিরাগত তাদের ডেকে একটি রুমে নিয়ে যায়। একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মারধরের সময় হামলাকারীরা বলেন, ‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি।’
পরে আহত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি হন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এ বিষয়ে খাদান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে।