শেরে বাংলা ফজলুল হক ইতিহাসের চিরস্মরণীয় প্রজ্ঞাবান নেতা: তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ২৭ এপ্রিল ২০২৫ | বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। রবিবার (২৭ এপ্রিল) শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান লেখেন, জাতীয় নেতা শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ফজলুল হকের ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক ও শ্রমিকের কল্যাণে অবদান এবং গণতন্ত্রের ভিত্তি রচনায় তার ভূমিকা তুলে ধরেন তিনি। ঋণ সালিশী বোর্ড গঠন, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ফজলুল হকের যুগান্তকারী অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য তিনি অনুসরণীয় হয়ে থাকবেন। তিনি শেরে বাংলার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, আবুল কাশেম ফজলুল হক ২৬ অক্টোবর ১৮৭৩ সালে জন্মগ্রহণ করেন এবং ২৭ এপ্রিল ১৯৬২ সালে মৃত্যুবরণ করেন। তিনি কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। যুক্তফ্রন্ট গঠনের অন্যতম প্রধান নেতা হিসেবেও তিনি স্মরণীয়।