সিলেটে রাষ্ট্রদূতের ছেলে পরিচয়ে প্রতারণা: যুবক গ্রেফতার
দিগন্ত জার্নাল ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মেক্সিকোতে নিযুক্ত নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী কোতোয়ালি থানায় একটি মা’ম’লা করেন। মা’ম’লাটির তদন্তে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে রায়নগর এলাকা থেকে ফাহিম আহমদকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ফাহিম আহমদ বিভিন্ন সরকারি দপ্তরে রাষ্ট্রদূতের বড় ছেলে পরিচয়ে ভুয়া তদবির চালিয়ে প্রতারণা করছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন স্কুলে ভর্তির জন্য তদবির করার অভিযোগে অভিযুক্ত।
বিষয়টি প্রথমে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর নজরে আনেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
এসএমপি পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত ফাহিম আহমদ বিগত সরকারের সময়েও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। তদন্তে এসব অভিযোগের প্রমাণ মিলেছে।
পুলিশ কমিশনার আরও বলেন, “এই প্রতারক চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জনসাধারণকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানাই। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।”