উপদেষ্টাদের এপিএস ও পিও-র দুর্নীতির অভিযোগ দুদকের নজরে - দিগন্ত জার্নাল

উপদেষ্টাদের এপিএস ও পিও-র দুর্নীতির অভিযোগ দুদকের নজরে

দিগন্ত জার্নাল ডেস্ক:

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। রোববার দুপুরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

দুদক মহাপরিচালক বলেন, দুজন উপদেষ্টার এপিএস, পিও—যাদের কথা বলা হচ্ছে, সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

এর আগে সকালে উপদেষ্টাদের এপিএস ও পিও-এর দুর্নীতির অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। ‘মার্চ টু দুদক’ কর্মসূচি নিয়ে সংগঠনের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল করে দুদকে যান এবং প্রতিনিধি দল একটি স্মারকলিপি জমা দেয়।

এছাড়া হাইকোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলামও একই ধরনের অভিযোগ দুদকে দাখিল করেন। অভিযোগপত্রে ওই দুইজন ছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) ডা. মাহমুদুল হাসানের নাম রয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা কাজ শুরু করেছি। দুদক এ জাতীয় যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের গোয়েন্দা ইউনিট বিষয়টি নিয়ে কার্যক্রম চালাচ্ছে। অগ্রগতির বিষয়ে শিগগিরই সবাইকে জানানো হবে।

গত ২৫ এপ্রিল নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

an adbox will go here