তিন পুরুষের জমিয়তী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী - দিগন্ত জার্নাল

তিন পুরুষের জমিয়তী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী

নিজস্ব প্রতিবেদক:



সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ | মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী তিন পুরুষের জমিয়তী উত্তরাধিকার বহন করছেন। তাঁর পিতামহ এহসানুল হক আফেন্দী রহ. ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের এক অগ্রসৈনিক ছিলেন। তিনি শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহ. এর চেতনায় উজ্জীবিত হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের জালিম শাসনের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেন এবং দীর্ঘ কারাভোগের পর অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাঁর প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন।

দীন, দেশ ও জাতির মুক্তি সংগ্রামে কোনো রাজনৈতিক দলের বর্তমান মহাসচিবের এত বড় পারিবারিক কোরবানি ও অবদান আছে বলে জানা যায় না।

তাঁর পিতা রশিদুল হাসান রহ. তাঁকে খেজুর গাছ প্রতীকের প্রবর্তক ও ওলিকুল শিরোমণি মাওলানা আব্দুল হালিম রহ. এর হাতে তুলে দেন। রংপুর বিভাগের পিছিয়ে পড়া অঞ্চলের এক প্রত্যন্ত পরিবেশ থেকে তাঁকে তুলে আনেন সেই সময়ের বিখ্যাত ওলামা বাজারের হুজুর রহ.।

তাঁর দরসে নেজামির প্রাথমিক শিক্ষা শুরু হয় ঐতিহ্যবাহী ফেনীর ওলামা বাজার মাদ্রাসায়। পরে তাঁর মেধা ও যোগ্যতার যথাযথ পরিচর্যার জন্য তাঁকে ঢাকার আরজাবাদে হযরত মাওলানা শামসুদ্দীন কাসেমী রহ. এর নিকট সোপর্দ করা হয়। অতঃপর দারুল উলুম দেওবন্দের সুশীতল ছায়ায় থেকে আল্লামা নুর হোসাইন কাসেমী রহ. এর সাহচর্যে জমিয়তী চেতনায় তাঁর পূর্ণ বিকাশ ঘটে।

আঁধারাচারিতা, অসচ্ছ লেনদেন ও সন্দেহপূর্ণ ব্যাকডোর রাজনীতি থেকে দূরে থাকার নীতিতে তিনি আজীবন অবিচল থেকেছেন। আলেম-সুলভ রাজনৈতিক শিষ্টাচার অনুসরণের কারণে জমিয়তের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তিনি অটুট আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এমনকি অরাজনৈতিক দরবেশ হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ দা.বা. দূর থেকেও তাঁর প্রতি ইতমিনান প্রকাশ করে থাকেন।

বিশ্লেষকরা বলছেন, তাঁর নেতৃত্ব যেন কোনোদিন আস্থার সংকটে না পড়ে এবং তাঁর অবিমিশ্র জমিয়তী খুন অবিমিশ্রই থেকে যায়।

এদিকে, পাকিস্তানে ইমামে ইনকিলাব মাওলানা ফজলুর রহমান দা.বা. আজও পূর্ণ আব ও তাবে সক্রিয় থাকলেও সেখানে জমিয়তের কয়েকটি ভগ্নাংশ রয়েছে। নানা কারণে এ জাতীয় বিভাজন ঘটে—কখনো এখলাসের পরীক্ষায়, কখনো পদলোভী ও অর্থগৃধনুদের ব্যর্থতায়, আবার কখনো দেশী-বিদেশি গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের ফলে। বাংলাদেশও এসব ঝুঁকি এড়াতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।

তবে জমিয়তের বলয় সম্প্রসারণ ও ঘরে ঘরে সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী। তাঁর লক্ষ্য, দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া—
জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম: আল্লাহর জমিনে আল্লাহর নেজাম।


an adbox will go here