রোববার রাতের বজ্রপাতে নেত্রকোনার কলমাকান্দায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
দিগন্ত জার্নাল ডেস্ক:
কলমাকান্দা (নেত্রকোনা), সোমবার, ২৮ এপ্রিল ২০২৫:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক (২৫) নামে এক মাদরাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদারুল হক উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের মধ্যপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকায় অবস্থিত হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রাতে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে শিক্ষক দিদারুল হক বাজার থেকে মাদরাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ প্রবল শব্দে বজ্রপাত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে মাদরাসার মাঠে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা দিদারুল হকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে মাদরাসার শিক্ষক দিদারুল হক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।