নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো তুরিন, শাহে আলম মুরাদসহ ছয়জনকে - দিগন্ত জার্নাল

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো তুরিন, শাহে আলম মুরাদসহ ছয়জনকে

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ ছয়জনকে নতুন একাধিক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

রাজধানীর মিরপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় তুরিন আফরোজকে এবং ধানমন্ডি থানার পৃথক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি, ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকেও গ্রেফতার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তারা সোমবার আদালতে আসামিদের হাজির করে পৃথক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।

তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন ভুক্তভোগী পারভেজ হোসেন (২১)। আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনার পর নুরু ইসলাম নামে এক ব্যক্তি ৩ নভেম্বর মামলা দায়ের করেন, যেখানে তুরিন আফরোজকে ৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।

উত্তরার একটি বাসা থেকে গত ৭ এপ্রিল রাতে অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়, পরে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া, গত ৮ ফেব্রুয়ারি মোল্যা নজরুল ইসলামকে এবং ১৯ সেপ্টেম্বর রাতে মো. মশিউর রহমানকে গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে। ১৭ এপ্রিল সকালে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহে আলম মুরাদকে।

an adbox will go here