হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - দিগন্ত জার্নাল

হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | হজযাত্রীদের সেবা সহজীকরণের লক্ষ্যে প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত এই অ্যাপটি উদ্বোধন করেন তিনি এবং হাজিদের নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালনে এই অ্যাপের গুরুত্বের কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্যসেবাসহ নানা ফিচার থাকায় এ অ্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে মস্তবড় অবদান রাখবে।’ তিনি হজযাত্রীদের এ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান এবং জানান, চলতি বছর পবিত্র হজ পালনের সময় থেকেই হজযাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন। তবে আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকেই অ্যাপটি ব্যবহার করে প্রস্তুতি নিতে পারে, সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ করতে হবে এবং যেসব দেশে এ ধরনের ব্যবস্থা নেই, তাদের কাছে বিনামূল্যে এই অ্যাপের কারিগরি সহায়তা দিতে উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে অ্যাপটিকে আরও সহজ ও ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।

তিনি জানান, ‘লাব্বাইক’ অ্যাপটি চালু হলে হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন যেমন সহজ হবে, তেমনি সৌদি আরবে চলাচলের বিষয়েও দুশ্চিন্তা কমবে। অ্যাপ তৈরির সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

‘লাব্বাইক’ অ্যাপের পাশাপাশি এ সময় তিনি হজ প্রিপেইড কার্ড এবং হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব।

an adbox will go here