হজ ফ্লাইট-২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন, সৌদির পথে প্রথম দল: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ |
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক জমকালো আয়োজনে হজ ফ্লাইট-২০২৫ (হিজরি ১৪৪৬) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উদ্বোধন ঘোষণা করেন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের মর্যাদা সমুন্নত রাখতে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি যাতে বাংলাদেশের হজযাত্রীরা যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন এবং নিবন্ধনসহ সকল প্রক্রিয়া আরও সহজ হয়। আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।”
রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির জেদ্দার উদ্দেশে রওনা হয়। সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার ফ্লাইট (এসভি ৩৮০৩) দিয়ে প্রথম ধাপে ৩৯৮ জন হজযাত্রী ঢাকা ছাড়েন। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবের পথে রওনা দেন, এর মধ্যে আটটি ফ্লাইট অবতরণ করে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়া, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। অনুষ্ঠানে দুজন হজযাত্রী তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারের হজ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক্-হজ ফ্লাইট শেষ হবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন।
হজযাত্রীদের সুবিধার্থে এ বছর চালু করা হয়েছে নতুন মোবাইল অ্যাপ, যেখানে যোগাযোগসহ প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে। পাশাপাশি হাজিদের জন্য প্রিপেইড কার্ড এবং মোবাইল সিম রোমিং সুবিধাও নিশ্চিত করা হয়েছে।