দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের - দিগন্ত জার্নাল

দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার , (২৯ এপ্রিল ২০২৫) চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এই কর্মসূচি শুরু হবে এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তা চলবে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে।

এর আগে গত কয়েক দিনে শিক্ষার্থীরা সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ, গণমিছিল এবং জেলার আইডিইবি অফিসে অভিযোগপত্র জমা দেন।
১৬ এপ্রিল সকাল থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সারা দেশে জেলা শহরে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।
১৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় দাবি বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও অন্তর্ভুক্ত করা হয়। তিন সপ্তাহের মধ্যে কমিটিকে রূপরেখা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইইবি ও আইডিইবির প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।
ছাত্র আন্দোলনের কারণে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে অপসারণ করে উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মশাল মিছিল, কাফনের কাপড় পরে গণমিছিল এবং সর্বশেষ মানববন্ধনের মাধ্যমে তারা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
সোমবার কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব খ ম কবিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আইডিইবির নেতারা।

ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে টানা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।

an adbox will go here