রমনা বটমূলে বোমা হামলা: আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ৮ মে - দিগন্ত জার্নাল

রমনা বটমূলে বোমা হামলা: আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ৮ মে

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) ২০০১ সালের রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে চালানো ভয়াবহ বোমা হামলার মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৮ মে রায়ের এ দিন ধার্য করেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে আদালত।

রমনায় পয়লা বৈশাখের ওই হামলায় ঘটনাস্থলে ৯ জন এবং হাসপাতালে আরও একজন নিহত হন। ঘটনাটি সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন মামলার রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্যতম মুফতি হান্নান, যার শাস্তি ইতোমধ্যে সিলেট গ্রেনেড হামলা মামলায় কার্যকর হয়েছে। অপর মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহাদাতউল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের।

২০১৪ সালে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পরে আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। গত বছরের ৮ ডিসেম্বর শুনানি শুরু হলে, পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে তা চলতে থাকে। আসামিপক্ষে শুনানিতে ছিলেন এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ, শিশির মনির ও যায়েদ বিন আমজাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান।

আইন অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ‘ডেথ রেফারেন্স’ নামে পরিচিত। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ৮ মে রায় ঘোষণা করবেন উচ্চ আদালত।

an adbox will go here