টঙ্গীতে মহাসড়ক অবরোধে এক ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা - দিগন্ত জার্নাল

টঙ্গীতে মহাসড়ক অবরোধে এক ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলেও এক ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছাড়েন।

বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মার্চ মাসের ২০ দিনের বেতন বকেয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা না জানানোয় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে কারখানা থেকে বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করে।

পুলিশের একাধিকবার অনুরোধ উপেক্ষা করে শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করতে থাকেন। পরে সকাল পৌনে ১১টার দিকে শিল্প পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড, দুটি টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এই ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, ফলে তীব্র যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, “শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও শ্রমিকরা অভিযোগ করেছেন যে, বেতন-ভাতা নিয়মিত না দেওয়ার কারণেই তারা বারবার আন্দোলনে বাধ্য হচ্ছেন।

an adbox will go here