মিরাজের ইতিহাস—২০০০ রান ও ২০০ উইকেটের ডাবলে দ্বিতীয় বাংলাদেশি
দিগন্ত জার্নাল ডেস্ক:
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আজ বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গড়েছেন দুর্দান্ত এক কীর্তি। দ্বিতীয় ইনিংসে ৩৬ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই তিনি টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন—যা টেস্ট ক্রিকেটে মাত্র ২৩ জনের অর্জন।
বাংলাদেশের হয়ে এই কীর্তি এর আগে গড়েছেন কেবল সাকিব আল হাসান। তবে মিরাজ সাকিবকেও ছাড়িয়ে গেছেন একটি দিক দিয়ে—এই ডাবল পূরণে তার লেগেছে মাত্র ৫৩টি টেস্ট, যেখানে সাকিবের লেগেছিল ৫৪টি। ফলে তিনিই এখন বাংলাদেশের দ্রুততম খেলোয়াড় হিসেবে এই অর্জন ছুঁয়েছেন। বিশ্বব্যাপী এই কীর্তিতে দ্রুততম হলেন ইংল্যান্ডের ইয়ান বোথাম—মাত্র ৪২ টেস্টে। মিরাজ আছেন পঞ্চম স্থানে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে। প্রথম টেস্টে সিলেটে ১০ উইকেট নিয়ে ২০০ উইকেট পূর্ণ করেছিলেন মিরাজ। এবার চট্টগ্রামে ৩৬ রান পূর্ণ করে ছুঁলেন ব্যাটিংয়ের মাইলফলক। পরে সেই ইনিংস গড়াল ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে, যা শেষ হয় ১০৪ রানে। তার ইনিংসেই বাংলাদেশ সংগ্রহ করে ৪৪৪ রান, আর জিম্বাবুয়ের বিপক্ষে লিড দাঁড়ায় ২১৭ রানে।