বারহাট্টায় উপবৃত্তির টাকায় অনিয়ম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত
নেত্রকোনা সংবাদদাতা:
বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ শিক্ষার্থীর অভিভাবকের বিকাশ হিসাব নম্বর বদলিয়ে টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও ডিসেম্বর কিস্তির উপবৃত্তির টাকা বিতরণের সময় ৬৭ শিক্ষার্থীর অভিভাবকের বিকাশ নম্বর পরিবর্তন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২২ এপ্রিল তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। এ আদেশ গত রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং বুধবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
এ বিষয়ে জানতে চাইলে মো. সিরাজুল ইসলাম বলেন, “মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে গতকাল জেনেছি। তবে আমি এর সঙ্গে জড়িত নই। পাসওয়ার্ড হ্যাক করে এই কাজ করা হয়েছিল। আমি এ বিষয়ে থানায় মামলা করেছি এবং আমি নির্দোষ বলে মনে করি।”
নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম জানান, “মঙ্গলবার বিকেলে বরখাস্ত সংক্রান্ত কাগজপত্র পেয়ে বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আজ (বুধবার) থেকে অফিস করবেন না।